সবার সংবাদ ডেস্ক:
মেয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিকদের ভালোবাসায় সিক্ত হলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে মেহেরপুর পৌরবাসীর উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। এর আগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল বাপ্পী, নুরুল আশরাফ রাজিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।







