মেহেরপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান
মেহেরপুর

মেহেরপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান

সবার সংবাদ ডেস্ক:

আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপনন অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস ও রিফাত জাহান।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকারের বেধে দেয়া দামে বাজারে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কি না। তা তদারকি করতে মাঠে নামে জেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে একটি দল। এ সময় শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোন আড়তেই আলুর অস্তিত্ব খজে পাওয়া যায়নি। আর খুচরা বাজারে আগের দরেই আলু বিক্রি করা হচ্ছে। তবে এ সময় আড়তে মূল্য তালিকা না থাকায় নবাব ভান্ডারকে তিন হাজার টাকা ও সবজি ভন্ডারের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পাইকার ও খুচরা বাজারে ভোক্তাদের কাছে যাতে বাড়তি দামে পণ্য বিক্রি না করা হয় সেজন্য তাদের সতর্ক করে দেয়া হয়। তবে ভিন্ন মত জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি ব্যবসায়ীদের সাথে না বসে এমন অভিযানে আলুর সঙ্কট দেখা দিতে পারে। কারণ ভয়ে ব্যবসায়ীরা আর বাজারে আলু তুলবেন না। অন্যদিকে সরকারের বেধে দেয়া দামে কোল্ডস্টোর মালিকরা আলু ছাড়ছেন না। এতে বাজার অস্থিতিশীল হবার শঙ্কা তাদের।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ব্যবসায়ীদের সাথে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। আর যেহেতু জেলার চাহিদার বেশিরভাগই আলু জেলার বাইরের কোল্ডষ্টোর থেকে আসে। তাই সংশ্লিষ্ট জেলার কর্মকর্তরা তাদের সাথে বসে এটি সমন্বয় করার চেষ্টা চালানো হবে।