সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম শাহীনের সংবাদ সম্মেলন
অন্যান্য মেহেরপুর

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম শাহীনের সংবাদ সম্মেলন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে দল কোন চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করেননি বলে দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ইব্রাহীম শাহীন। শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের থানা রোডে তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দলের কতিপয় নেতা জনপ্রশাসন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারা কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একত্রিত হয়ে দলের পদ পদবী ব্যবহার করে সাধারণ মানুষদের বিভ্রান্তি করার চেষ্টা করছেন। কেউ কেউ ইউনিয়ন পরিষদকে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া বিভিন্ন সভায় তারা একটি নির্দিষ্ট প্রতীকে ছাড়া অন্য কোন প্রতীকে ভোট দেওয়া যাবে না বলে ভোটারদের হুশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি ভোট কেন্দ্রে ঐ প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছেন। এতে আওয়ামী লীগ ও রাষ্ট্রের মান ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলীয় ফোরাম ব্যবহার করে, দলকে ভুল বুঝিয়ে, কর্মীদের ভুল বুঝিয়ে তিনি বলেছেন উপরের নির্দেশনা অনুয়ায়ী আমরা কাজ করছি।

তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদ কার্যালয় ব্যবহার করে একটি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন। যে অপশক্তিটি মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় স্লোগান দিয়ে একটা সময় তার বিরুদ্ধে মিছিল করেছে। স্লোগান দিয়েছে দোদুলের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস না করার কারণে আমরা সেদিন বলেছিলাম একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। কিন্তু ভেতরে থেকে এসে কোমরের ছুরিতে কোমর কাটবে তা চিন্তা করিনি।

তিনি আরো বলেন আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হবার আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৮ মে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।