সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলিফ ফার্নিচার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়িতে চলে যায় ফারুক হোসেন।
মধ্যরাতে নৈশপ্রহরীর ফোন পেয়ে তিনি দ্রুত কারখানায় এসে দেখেন, আগুনে তার কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারখানায় বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় এখন পরিবারসহ নিঃস্ব হয়ে পড়েছেন ফারুক হোসেন।
আলিফ ফার্নিচার কারখানার মালিক ফারুক হোসেন জানান, জোড়পুকুরিয়ায় বাজারে আমার একটি ফার্নিচার কারখানা ছিলো তিন বছর আগে সেটিও অগ্নিকান্ডে পুড়ে যায়। পরে বিভিন্ন এনজিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে এখানে তিনি ব্যবসা শুরু করেন। এখন আর অবশিষ্ট কিছুই থাকলো না। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে।







