গাংনীতে বেড়া দিয়ে ৬ পরিবারের প্রবেশ পথ বন্ধ, থানায় অভিযোগ
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বেড়া দিয়ে ৬ পরিবারের প্রবেশ পথ বন্ধ, থানায় অভিযোগ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে বেড়া দিয়ে ৬ পরিবারের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মহাসিন আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অবরুদ্ধ হয়ে পড়েছে ছয় পরিবারের সদস্যরা। জানা গেছে, চিৎলা গ্রামের গোরস্থান পাড়ার আমিনুল ইসলাম এর ছেলে মেহেদী কাটপাড়ায় করে বাড়িতে নেয়ার সময় বাধা প্রদান করে একই এলাকার মৃত কুদরত আলীর ছেলে মহাসীন আলী (৪০), তার ছেলে শামিম (২০) ও তার স্ত্রী মোছাঃ ছানোয়ারা (৩৭)। পরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে জোরপূর্বক বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে ছয় পরিবারের অনঃতত ১৫ জন সদস্য।

আমিনুল ইসলাম জানান, জমির উপর দিয়ে ছয় পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। হঠাৎ নিজের জমির বলে জোরপূর্বক বেড়া তুলে দেয় মহাসিন আলির পরিবার। এ বিষয়ে এলাকায় একাধিক সালিশ মীমাংসা হলেও কোন ফল পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় বরাবর লিখিত অভিযোগ দিলে সালিশ মীমাংসা করে দিল পরবর্তীতে মহাসিন আলী ও তার পরিবার বিষয়টি মেনে নেননি। এর আগে তারা বাঁশ ও কাট দিয়ে বেড়া তৈরি করে রেখেছিলেন। তারা ইট দিয়ে বেড়া(প্রচীর) তৈরি করার চেষ্টা করছেন। এ বিষয়ে মহসিন আলী ও তার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর দুই পক্ষ নিয়ে বসেছিলাম। মীমাংসা করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে না মানায় ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, পরিবারের প্রবেশ পথ বন্ধ ও হুমকি ধামকির ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।