মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু- আহত ৪
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু- আহত ৪

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের কায়েম কাটা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আহত শ্রাবণ কালাচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে, মোকাদ্দেস মিন্টুর ছেলে, মহিত উদ্দিন সদর উপজেলা চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আরিফ হোসেন মেহেরপুর শহরের শেখপাড়ার শাহাবুদ্দিনের ছেলে। পরিবার এবং হতাহতদের ঘনিষ্টরা জানান- নিহত বায়েজিদ তার বন্ধু শ্রাবণ এবং মোকাদ্দেসকে নিয়ে  দ্রুত গতিতে মোটরসাইকেল করে মেহেরপুর থেকে নিজ গ্রামে যাওয়ার পথে অপর একটি মোটর সাইকেলকে ওভারটেক করতে যায়। এসময় অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে বায়েজিদ ঘটনস্থলেই মারা যায়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে, আহত মোকাদ্দেসের অবস্থার অবনতি ঘটায় তাকে কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের পরিবারের নেমে এসেছে শোকের মাতম।