সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাজাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার নওপাড়া ক্লাব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসিবুল ইসলাম গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ক্লাব পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্প সূত্রে জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ক্লাবের কাছে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় হাসিবুল ইসলাম আটক করে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।







