ককটেল রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

ককটেল রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন

সবার সংবাদ ডেস্ক:

পূর্বশত্রুতার জের ধরে ককটেল বোমা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গিয়ে দুইটি ককটেল বোমা সহ পুলিশের হাতে আটক হলেন পরিকল্পনাকারী দুইজন। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে। পুলিশ সোমবার ওই দুটি ককটেল বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করতে গাংনী থানায় পানি ভর্তি বালতিতে চুবিয়ে রেখেছে বলে জানিয়েছে।

পুলিশ জানায়- সোমবার দিবাগত মধ্যেরাতে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রাম থেকে দুটি ককটেল বোমা উদ্ধার সহ এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা গ্রামের মুছাদ মন্ডলের ছেলে জিয়ারুল (৩৮) ও জামান আলীর ছেলে জহির উদ্দীন (৫৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত জিয়ারুল ও জহির উদ্দীন প্রতিপক্ষকে ফাঁসাতে পুলিশকে খবর দিয়ে বলে যে, কসবা গ্রামের পাতান আলীর বসতবাড়ির পার্শ্বে একটি ধানের বিচালি গাদার মধ্যে দুটি ককটেল বোমা রয়েছে।

এমন সংবাদ পেয়ে গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত স্থান তল্লাশী করে দুটি লাল টেপ দিয়ে মোড়নো দুটি ককটেল বোমা উদ্ধার করে। পরে, গোপনস্থানে ককটেল রাখার দৃশ্য বা তথ্য তারা জানলো কিভাবে এই বিষয়টি পুলিশের সন্দেহে এলে পুলিশ জিয়ারুল ও জহির উদ্দীনকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেরাই প্রতিপক্ষকে ফাঁসাতে ওই দুইটি ককটেল বোমা রেখে পুলিশকে খবর দিয়েছিল বলে স্বীকার করেন। পরে পুলিশ এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।