মেহেরপুরে রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানা (৪৫) গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। সোমবার ১০ জুলাই দিবাগত রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গাংনী উপজেলার থানাপাড়ার সেকেন্দার আলী ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা রিপন হত্যা মামলার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অন্য আরও একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল আসামি মাসুদ।

তিনি আরো জানান, মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজী, বোমাবাজি, মানুষ হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা আছে। আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গেল রাতে ফরিদপুরে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ মাসুদকে গ্রেফতার করে মেহেরপুর থানায় নেয়।

মঙ্গলবার (১১ জুলাই) তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্যঃ ২০১১ সালে ১ এপ্রিল মেহেরপুর শহরের হোটেল বাজারে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা রিপনের নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী স্টোরে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময় প্যানেল মেয়র সহ চারজন আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রিপন মারা যান। এ ঘটনায় নিহত রিপনের বাবা আবদুল হালিম ঘটনার পরের দিন সদর থানায় বাদী হয়ে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও সাবেক প্রয়াত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামনু বিপুল সহ অনেকের নাম উল্লেখ করে ১৫-২০ জনকে আসামি করে হত্যা ও বোমা হামলার দুটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ যায় তদন্তে। এতে বাদি নারাজী আবেদন করলে মামলাটি আদালতের আদেশে সিআইডি তদন্ত করলে সিআইডিও একই রকম তদন্ত প্রতিবেদন দাখিল করে আদালতে। দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালে সিআইডির এসআই সবুজ এই মামলার চার্জশিট আদালতে দাখিল করেন।

হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বিপুল ২০১৪ সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে আদালত ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন ও একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।  

দন্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার আমজাদ হোসেনের ছেলে রাশিদুল ইসলাম ওরফে আকালি, হোটেল বাজার পাড়ার ইসাহাক আলীর ছেলে আব্দুল হালিম, গাংনী থানাপাড়ার সেকেন্দার আলীর ছেলে মাসুদ রানা ও গাংনী উপজেলার ওলিনগর গ্রামের আরশেদ আলীর ছেলে মো. লাল্টু।