সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে যৌথ অভিযান চালিয়ে ৯৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ ও ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফিন ফুড হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪০)।
এসময় তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান মেহেরপুর শহরে ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল ফিন ফুড হোটেলের সামনে অবস্থান করছিলো। সন্দেহজনকভাবে দেলোয়ার হোসেন ও হারুনুর রশিদ হোটেলে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
এসময় দেলোয়ার হোসেনের দেহ তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৫৫০ পিচ এবং প্যান্টের পকেট থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







