মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলী (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মেহেরপুর যাদবপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শের আলী সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মেহেরপুরের যাদবপুর সড়ক দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলীকে আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান ও মোখলেচুর রহমান নামের দুই মাদক কারবারী পালিয়ে যায়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক শের আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।