তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মেহেরপুরে রাষ্ট্রীয় শোক পালন
অন্যান্য মেহেরপুর

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মেহেরপুরে রাষ্ট্রীয় শোক পালন

সবার সংবাদ ডেস্ক:

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অকল্পনীয় প্রাণহানির ঘটনায় শোক জানাতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গত বুধবার এ সংক্রান্ত  একটি গেজেট জারি করেছে সরকার। গেজেট অনুযায়ী দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শোক পালনের অংশ হিসেবে মেহেরপুরের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত হাজার হাজার ভবনের ধ্বংস্তুপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজতে উদ্ধারকারী দল রাতভর কাজ করছে। এছাড়া ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।