সুপ্রিম কোর্ট বার নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন!
অন্যান্য

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন!

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে আইনি অঙ্গনে বইছে উত্তাপ। বর্তমানে হত্যা মামলায় কারাগারে থাকলেও ব্যারিস্টার সুমনের পক্ষে তার সমর্থক ও আইনজীবীরা মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণাপত্রে ব্যারিস্টার সুমনকে অকুতোভয় জননেতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সমর্থকদের দাবি তিনি জেল-জুলুম ও মব জাস্টিসের বিরুদ্ধে সর্বদা উচ্চকণ্ঠ ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী এই আইনজীবী বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাবন্দি। তবে তার অনুসারীরা মনে করেন কারাগারের ভেতরে থেকেও তিনি ন্যায়বিচার ও আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার এই লড়াইতে সফল হবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ১১ ও ১২ মার্চ। এই নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে সাদা প্যানেলের অন্যতম আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার সুমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার নির্বাচনী প্রচারণা বিন্দুমাত্র থেমে নেই।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য তার আইনি দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন। এবার সুপ্রিম কোর্ট বারের নেতৃত্ব দিয়ে তিনি আইনি অঙ্গনে নিজের প্রভাব আরও সুসংহত করতে চান।