শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০
সারাদেশ

শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০

সবার সংবাদ ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাদের মেম্বর ও নাসির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, তলোয়ার, বল্লম, ফলা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর দলিলপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।