সংবাদ প্রকাশের পর চিকিৎসা সহায়তা পেলেন গাংনীর প্রতিবন্ধী নারী
অন্যান্য মেহেরপুর

সংবাদ প্রকাশের পর চিকিৎসা সহায়তা পেলেন গাংনীর প্রতিবন্ধী নারী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের প্রতিবন্ধী অসুস্থ মুসলিমা খাতুন (৩৬) দীর্ঘ অবহেলায় থাকার পর অবশেষে চিকিৎসা সহায়তা পেলেন। দৈনিক এই আমার দেশ সহ বেশ কয়েকটি পত্রিকায় তার অসহায়ত্ব অবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর এই চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ পেলেন তিনি।

রোববার পৃথক পৃথকভাবে এই চিকিৎসা সহায়তা হিসেবে প্রতিবন্ধী নারী মুসলিমা খাতুনকে নগদ অর্থ প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও স্বেচ্ছাসবী সংগঠন কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজ।

প্রতিবন্ধী অসুস্থ মুসলিমা খাতুনের পক্ষে নগদ অর্থ গ্রহণ করেন তার ভাই সেলিম রেজা। উল্লেখ্য, চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের প্রতিবন্ধী মুসলিমা দীর্ঘদিন যাবত কোমরে হাড় বৃদ্ধি জনিত কারণে অসুস্থ অবস্থায় নানীর বাড়ি শিমুলতলা গ্রামে বসবাস করছেন। কিন্তু চিকিৎসার টাকা জোগান দিতে না পারায় এতিম প্রতিবন্ধী মুসলিমা খাতুনের ভাই দিশেহারা হয়ে গাংনী উপজেলা প্রশাসন ও কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের কাছে অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন।

এনিয়ে দৈনিক এই আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার পরিপ্রেক্ষিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু মানবিক দিক বিবেচনায় এই অর্থ সহায়তা প্রদান করেন। এরপরই গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের অর্থ সম্পাদক প্রবাসী মিশকাত আলী উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে মুসলিমাকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

এসময় সেখানে গাংনী কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের সদস্য রিমন ইসলাম, সাজু, নাইম ও আসাদ আলী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আগামীতে জনকল্যাণমূলক এমন মহত কাজে কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের সকলকে নিয়ে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে ঘোষণা দেন।