নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

যুব র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জুমের মাধ্যমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ। মাসুদুর রহমান নোভেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্দোক্তা রেহেনা মান্নান, প্রশিক্ষিত যুবক মিজানুর রহমান, সুমাইয়া জাফরিন, যুব কাউন্সিলর নিশাত আফরিন।

এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদের নেতৃত্বে র‌্যালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইন ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।