সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে বেকার যুবক ও যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি)সকালে মুজিবনগর উপজেলা চত্বরে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম. জাহিদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ফিতা কেটে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে মুজিবনগর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে.এম.জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার প্রশিক্ষক মাসুদুল উল হাসান নোবেল, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রব, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত যুবক-তরুণীদের মধ্যে নতুন চেতনা আনতেই এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক ছেলে- মেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুব সমাজের বেকারত্ব সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল ও স্মাট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ শীর্ষক কারিগরি সহায়তায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী চারটি শিফটে ৪০ জন তরুণ তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।







