মেহেরপুরে খুচরা সার ব্যবসায়ীদের পদযাত্রা ও মানববন্ধন
টপ নিউজ অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে খুচরা সার ব্যবসায়ীদের পদযাত্রা ও মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি ও সকল প্রকার সার বি.সি.আই.সি ডিলার কর্তৃক সরবরাহের নিশ্চয়তা দাবিতে পদযাত্রা ও মানববন্ধন করেছে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতি। মঙ্গলবার (৫ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি মোঃ শাহিনুল ইসলাম শাহীন।

মানববন্ধনে তিনি বলেন, লভ্যাংশর নামে আমাদেরকে অত্যাচার করা হয়। আমাদেরকে একশ টাকার ভিতরে মাত্র পচিঁশ টাকা লাভ দেওয়া হয়। এই টাকার ভিতরে আমাদের ১৫-২০ টাকা সার বহন করতেই খরচ হয়ে যায়। এর ভিতরেও ১ কেজি সার কম হলে আমাদের লভ্যাংশ তো দূরের কথা সার বহন খরচও আমাদের ঘর থেকে লেগে যায়। বি.সি.আই.সি ডিলারদের চক্রান্তের শিকার হয়ে লভ্যাংশের নামে ব্যবসা তুলে দেওয়ার মত অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা বারবার তাগিদ দেওয়া সত্বেও এই লভ্যাংশ আমাদের বাড়ে না। দেশের তৈরী সারগুলো সিন্ডিকেট করে তারা বিক্রি করে। আমাদের বরাদ্দের অর্ধেক সার আমাদের দেওয়া হয় বাকী অর্ধেক বি.সি.আই.সি ডিলাররা বিক্রি করে।

এসময় মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ ১৪০ জন সার ব্যবসায়ী মানববন্ধন উপস্থিত ছিলেন।