বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা
মেহেরপুর

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

সবার সংবাদ প্রতিবেদক:

'ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে উদযাপিত হলো বিশ্ব ডিম দিবস। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ কে. এম. সাদ্দাম হোসেন। তিনি মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য রক্ষায় ডিমের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারিছুল আবিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, ডিম কেবল পুষ্টির ঘাটতিই মেটায় না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোলট্রি খামারি, পরিবহনকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বহু মানুষ ডিম উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে জড়িত। ফলে এ খাত দেশের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।