মুজিবনগরে প্রতিপক্ষের হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে প্রতিপক্ষের হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তহুরা খাতুনের দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাজার পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের তহুরা খাতুনের মেয়ে মিনা খাতুন জানান, তাদের চাচাতো দাদার ছেলে আহসান ও ইসলাম মহলদারদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ সকালে ইসলাম মহলদার সেই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তার ভাই হানিফ ও রহমান মহালদার বাঁধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এসময় তার মা তহুরা খাতুন সন্তানদের রক্ষার জন্য ছুটে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে সে নিহত হয়। এবং হানিফ মহলদার ও রহমান মহলদার গুরুতর আহত হন। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করা হবে বলেও জানান তিনি।