আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনি চতুর্থ জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় দেশকে আরও শক্তিশালী করতে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, অতীতে নেওয়া কিছু জনসংখ্যা নীতির কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে।
বার্তায় তিনি আরও বলেন, জাতীয় দৃঢ়তা ও অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ইরান গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনসংখ্যার কাঙ্ক্ষিত গুণগত ও সংখ্যাগত বৈশিষ্ট্য বজায় রাখাও অপরিহার্য।
সর্বোচ্চ নেতা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের সক্ষমতাকে বাস্তব কাজে লাগানোর সুযোগ তৈরি করে। পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং সেগুলোর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায়ও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাইয়্যেদ মোজতবা খামেনি বলেন, তরুণ বয়সে বিয়ের সুযোগ সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসারে গুরুত্ব দেওয়াপ্রতিটি উদ্যোগই ইরানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ।
তিনি আরও বলেন, যে কোনো দেশপ্রেমিক ইরানি, যিনি নিজের ভূখণ্ড ও জনগণের জন্য উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ প্রত্যাশা করেন, তিনি নতুন ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানিদের বংশধারা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন।







