পুতিন শান্তি চুক্তি নাও চাইতে পারেন: ট্রাম্প
আন্তর্জাতিক

পুতিন শান্তি চুক্তি নাও চাইতে পারেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোনও চুক্তি করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন হলে পুতিনের জন্য ‘কঠিন পরিস্থিতি’ তৈরি হবে। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেছেন, আগামী কয়েক সপ্তাহেই পুতিনের অবস্থান স্পষ্ট হবে। তবে তিনি আবারও স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না। নিরাপত্তা নিশ্চয়তার আকার নিয়েও কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি। ট্রাম্প বলেন, আমি মনে করি শান্তি চুক্তি বড় সমস্যা হবে না। পুতিন ক্লান্ত, সবাই ক্লান্ত। তবে শেষ পর্যন্ত বলা যায় না। কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে তিনি চুক্তি করতে চান কি না।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শান্তি না হলে রাশিয়া ও তার তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সোমবার হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে বৈঠককে ‘বড় অগ্রগতি’ আখ্যা দেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই বৈঠককে ইউরোপের ৮০ বছরের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথে পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতারাও উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির ব্যর্থ বৈঠকের তুলনায় এবার দুই নেতার সম্পর্ক অনেক উষ্ণ দেখা গেছে।

রাশিয়ার সমালোচকদের মতে, মস্কো আলোচনার আড়ালে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ নিল মেলভিন বলেন, ইউক্রেন ও ইউরোপ একদিকে, আর রাশিয়া অন্যদিকে। সবারই চেষ্টা ট্রাম্পের সামনে নিজেদেরকে শান্তির অন্তরায় হিসেবে তুলে না ধরা। সবাই ট্রাম্পকে কেন্দ্র করে সাবধানে হাঁটছে।