সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন ও নয়ন নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগরে সড়কে বন্দর এলাকার পিটিআই মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২২) এবং রায়পুর খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে মুজিবনগর থেকে দুটি ট্রাক পরপর আসছিল। এসময় নতুনগ্রাম ও বন্দর মধ্যবর্তী ফাঁকা মাঠের কাছে পৌছালে পিছনে থাকা খালি ট্রাকটি সামনের ট্রাককে ওভারটেক করতে গেলে জীবন ও নয়ন আচমকা ভুল লেনে গিয়ে মোটরসাইকেলটি সরাসরি সামনে থাকা সবজি বোঝাই ট্রাকের সজোরে ধাক্কা মারে।
ধাক্কাটি এতটাই মারাত্বক ছিলো যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের একটি দল নয়নকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মেহেরপুর-মুজিবনগর সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে । নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







