ইসলাম গ্রহণে ঝুঁকছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
আন্তর্জাতিক

ইসলাম গ্রহণে ঝুঁকছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন। তাদের মধ্যে তরুণদের আগ্রহ তুলনামূলক বেশি। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে পাঁচ থেকে ২৫ জন ইসলাম সম্পর্কে জানতে এবং ধর্মটি গ্রহণ করতে আসছেন। গত ১২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয় শেখার প্রশিক্ষণ নিতে আসেন। তাদের অধিকাংশই পুরুষ। প্রশিক্ষণ শেষে কেউ চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।

ইউসুফ নামের ৩০ বছর বয়সী এক কোরীয় নাগরিক ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। তার ভাষ্য, কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বিয়ের ক্ষেত্রে তারা তুলনামূলক সহজ পথ খুঁজছেন।

তবে নারীদের ইসলাম গ্রহণের পেছনে বিয়ে মুখ্য কারণ নয়। প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের সরলতার বিষয়টি তুলে ধরেছেন। আরিয়াম নামের এক নারী বলেন, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়টি তার নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ কারণে পরিবারের সদস্যদের কাছে ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য সহজ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সিউল সেন্ট্রাল মসজিদে ইসলাম সম্পর্কে জানতে আসা কোরীয়দের বড় অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দেশটির প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথের সন্ধান করছেন। তাদের কাছে ইসলাম তেমনই একটি বিকল্প।

কোরিয়ায় ইসলামের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন সিলা রাজবংশের সময় মুসলিম বণিকরা দেশটিতে আসেন। পরবর্তী বিভিন্ন রাজবংশের শাসনামলেও সেখানে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে দেশটিতে মুসলিমদের বসবাস ও ধর্মীয় চর্চা বাধার মুখে পড়েছে।

আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সংস্পর্শ ও সহযোগিতায় প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরীয় মুসলিমদের উপস্থিতি বাড়ছে। কোরীয় মুসলিম কনটেন্ট নির্মাতারা নিজেদের জীবনযাপন, ধর্মীয় অভিজ্ঞতা ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। তাদের কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে ভিন্নধর্মী ফ্যাশনও তুলে ধরছেন। এর ফলে তরুণদের ইসলাম সম্পর্কে জানার সুযোগ বাড়ছে।

ইসলাম গ্রহণের পর কেউ কেউ সামাজিক বৈষম্য কিংবা বিচ্ছিন্নতার শিকার হলেও নতুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনজন খুঁজে পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছেন। আরিয়াম বলেন, সারা জীবন কোরিয়ায় থেকেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তার মনে হয়েছিল, অবশেষে তিনি নিজের ঘরে ফিরেছেন।