সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৬শ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) একটি দল। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সিগঃ মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা রোডে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
জানা গেছে, সদর উপজেলার বাজিতপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সিগঃ মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা রোডের ব্রীজের কাছে অবস্থান গ্রহণ করে। এসময় দুইজন ব্যক্তিকে রাস্তার উপর দাড়িয়ে কথা বলতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন সাইকেলযোগে পালিয়ে যায় এবং অপরজন মাঠের ভিতর দিয়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া প্যাকেটটি সংগ্রহ করে তার ভেতরে কার্বন দিয়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৬০০ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
এব্যাপারে নায়েব সুবেদার সিগঃ মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।







