সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে এবারই প্রথম কোন নির্বাচনে মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে ভোট প্রার্থনা রেওয়াজ শুরু হলো। আর সেটি করলেন মেহেরপুর-১ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীন নৌকা প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
ক্ষুদে বার্তাটি হলো “ সমৃদ্ধ ও শান্তিময় মেহেরপুর গড়তে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন” শুভেচ্ছান্তে ফরহাদ হোসেন। মেহেরপুরের নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে এমন ক্ষদে বার্তা যেমন নতুন মাত্রা যুক্ত করেছে তেমনি চমক সৃষ্টি করেছে এই পদ্ধতিকে। মাত্র ছয় ঘন্টায় এই সংসদীয় আসনের প্রায় ৩ লক্ষ ২০ হাজার ভোটারের মোবাইলে এই ক্ষুদে বার্তা পৌছে গেছে।
তবে দলীয় সূত্র এবং মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে এই ক্ষুদে বার্তাটি কেবল ভোটরদের মোবাইলে পাঠানো হয়নি, এই ক্ষুদে বার্তাটি পাঠানো হয়েছে মেহেরপুর-১ সংসদীয় আসন (সদর-মুজিবনগর) উপজেলা সকল মোবাইল ব্যবহারকারীর কাছে। সেই ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ মোবাইল ব্যবহারীর কাছে ভোট প্রার্থনা করে এই ক্ষুদে বার্তাটি পাঠানো হয়েছে। গ্রামীণ ফোনসহ সকল মোবাইল অপারেটর ব্যবহারীর কাছে এই বার্তাটি পৌছে গেছে।
মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে এই ভোট প্রার্থনাকে ফরহাদ হোসেন সমর্থিত কর্মী সমর্থকরা সাধুবাদ জানিয়ে বলেছেন, এই পদ্ধতির মাধ্যমে ভোট প্রার্থনা করে ভোটাররা অনেক সম্মানিত হয়েছেন। অপরদিকে নৌকা বিরোধী প্রতিদ্বন্দী প্রার্থী আবদুল মান্নান সমর্থিত কর্মী সমর্থকরা বলছেন এটা ফরহাদ হোসেনের রাজনৈতিক দেওলিয়াত্বের অংশ। কারণ টানা ১০ বছর ক্ষমতায় থেকে একটি ভোটের জন্য এবং ভোটরদের সন্তুষ্টি লাভে একজন জনপ্রতিনিধিকে সব ধরণের কৌশল ও পথ বেছে নিতে হলো।







