সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে মাটি-বালি ব্যবসায়ী লাল্টু (২৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। লাল্টু উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়ার খেদের আলীর ছেলে। স্থানীয়রা জানান, লাল্টু দীর্ঘদিন মাটি বালির ব্যবসা করে আসছিলেন।
গত কয়দিন ধরে বাঁশবাড়িয়া গ্রামের সেনা সদস্য স্বপনের বাড়িতে মাটি ভরাট করছিলেন। রাতে বাসায় না ফিরে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উদ্দেশ্যে মাঠে ভরাট করছিলেন। সকালে তাকে পড়ে থাকতে দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
তবে লাল্টু শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাল্টুর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।







