রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে- মেহেরপুরে সালমান এফ রহমান
সবার সংবাদ ডেস্ক :
আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখার দিনটিকে স্বরনীয় উল্লেখ্য করে প্রধানমন্ত্রীর বে-সরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, ডলার সঙ্কট আছে, তবে সেটা আগামী মাস থেকে কেটে যাবে। রমজান মাসে দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল থাকবে। আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমদানী ব্যায় বেড়েছে। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা ১কোটি পরিবারকে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছি। আজ শনিবার মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখার উদ্বোধন দিনে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বলেন।
শনিবার সকাল ১১টায় মুজিবনগর অডিটোরিয়ামে ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে দিনটিকে স্মরণীয় করতে আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মনসুর মোস্তফা সহ উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও ব্যাংকের উর্ধতন সকল কর্মকর্তারা মুজিবনগরে উপস্থিত ছিলেন। এই সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন বলেন- ঐতিহাসিক মুজিবনগরে ১০০০তম এই উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ব্যাংকিং সেক্টরে আইএফআইসি ব্যাংক দৃষ্টান্ত স্থাপন করলো। তিনি বলেন- আইএফআইসি ব্যাংকের এই শাখার সেবা গ্রহনের মধ্যদিয়ে মুজিবনগর দ্রুতই অর্থনৈতিকভাবে এবং কৃষিক্ষেত্রে এগিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন-মানুষের দোড় গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি ও ওয়ানষ্টপ সেবা নিয়ে আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশের সূচনা হয়েছিল যে মাটিতে, আজ সেই মুজিবনগরে হাজারতম উপশাখার উদ্বোধন করতে পেরে আইএফআইসি পবিত্র ভ‚মিকে আরেকবার ইতিহাসে আবদ্ধ করলো। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম রসুল, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুজিবনগর পৌঁছে সেখানে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম শাখার শুভ উদ্বোধন করেন।







