সবার সংবাদ ডেস্ক:
“তামাক নয়, খাদ্য ফলান” অত্যন্ত সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালন করা হলো বিশ্ব তামাকমুক্ত দিবস। বুধবার (৩১ মে) সকালে দিবসটি পালন উপলেক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ।
সভাপতি তার বক্তব্যে বলেন, তামাক কোন উপকারী বস্তু নয়। এটি স্বাস্থ্যহানির অন্যতম কারণ, অনেক সময় মৃত্যুরও কারণ। সরকার তামাকে নিরুৎসাহিত করতে নানামুখি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তথাপিও তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষি জমির পরিমাণ কমেছে এবং জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। তামাক চাষের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও আলাচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুজ্জামান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিউদ্দীন, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







