কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের মাঝামাঝি বাঁকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দুই জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মজনু ও রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজনুর স্ত্রী। ঘটনার পরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, সকালে রাস্তায় ঘন কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, এই কারণে দুর্ঘটনাটি ঘটে। সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।







