সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটােভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নারীসহ ৫জন। নিহত ব্যক্তি হলেন-হেলাল উদ্দীন (২৬)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা ও মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা।
আহতরা হলেন-নিহত হেলালের স্ত্রী জুই খাতুন (১৯) ও শ্যালক গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জীবন হােসেন (১৫)। রবিবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলালের চাচা শ্বশুর জিয়াউদ্দীন জানান, আকুবপুর গ্রামে হেলাল তার শ্বশুরবাড়ির দাওয়াত খেয়ে স্ত্রী জুই ও শ্যালক জীবনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মোড়ভাঙ্গা এলাকায় যাচ্ছিল। তারা গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে পৌঁছালে,অটােভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলালসহ, স্ত্রী জুই ও শ্যালক জীবন আহত হন। পথচারীরা আহতদের উদ্ধার স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবরর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







