গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৬
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৬

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ইজিবাইক ও লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বোঝাই একটি ইজিবাইক গাংনী থেকে বামন্দীর উদ্দ্যেশে যাওয়ার সময় চোখতোলা নামক স্থানে পৌছালে একটি রড বোঝাই লাটাহাম্বারের সাথে সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক উল্টে ৬ যাত্রী আহত হয়। ইজিবাইকে থাকা ওয়াসিম নামের এক যাত্রীর পেটে রড ঢুকে মারাত্বক জখম হয় একই সাথে ইজিবাইক চালক ইসাহাক আলীও মারাত্বক জখম হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওয়াসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ইসাহক আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।