সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বুলবুল আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালকের। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আহত হয়েছেন আরও ৭ যাত্রী। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চ্যাংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গাংনী থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চ্যাংগাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দেয় চালক। বাসের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ভ্যানচালক বুলবুল আহমেদ।
আহত হন বাসের হেলপারসহ ৭ যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুলবুল আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা চলছে।







