সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আহম্মেদ (২১) কে আটক করেছে পুলিশে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক লিমন উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদ (মহুরার) এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১ টার দিকে গাংনী উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদকের লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
লিমনকে অ্যাপাচি আরটিআর মোটর সাইকেলসহ আটক করলেও মোটর সাইকেলের অপর আরোহী শুভ আহমেদকে তল্লাশি করতে গেলে সে পালিয়ে যায়। গাংনী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আজম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিমন আহম্মেদকে ১০ গ্রাম হোরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।







