গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাঠ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতের কোন এক সময় বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ভরা রবি মৌসূমে ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয় সুত্রে জানা গেছে, আড়পাড়া মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন তিন গ্রামের কৃষকরা। গেল রাতে আড়পাড়া গ্রামের আব্দুল হালিম, শানঘাট গ্রামের জিনারুল ইসলাম এবং জালশুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের সেচ পাম্পের ৭টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়।

এসময় দুটি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রাখা হয়। বাকিগুলোর মধ্য থেকে ৪টি নিয়ে যেতে সক্ষম হলেও একটি ট্রান্সফরমার ফেলে রেখে যায় চোরেরা। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কয়েক শত কৃষকের ফসলের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের চেষ্টা চলছে।