গাংনী উপজেলা বিএনপির সম্পাদকসহ ৬ নেতাকর্মী কারাগারে
আইন-আদালত মেহেরপুর

গাংনী উপজেলা বিএনপির সম্পাদকসহ ৬ নেতাকর্মী কারাগারে

সবার সংবাদ ডেস্ক:

নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ ৬জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এসব নেতাকর্মীরা হলেন- মেহেরপুর জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, গাংনী পৌর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুরেলী আলভী ও বিএনপি নেতা বিজয়। বুধবার (৪ অক্টোবর) দুপুরে এসব নেতাকর্মীরা মেহেরপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তাদের হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদাল জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে একটি মামলায় দন্ড দেওয়ার প্রতিবাদে গত ২ আগস্ট গাংনীতে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে নেতৃত্ব প্রদান করেছিলেন আসাদুজ্জামান বাবলু। ওই মিছিলকে কেন্দ্র করে  নাকশকতা সৃষ্টির অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

এ মামলায় আসাদুজ্জামান বাবলুকে প্রধান আসামি করে বিএনপির ৮জন নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ মামলায় উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।