সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি টীম মেহেরপুর আদালতের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালত গ্রেপ্তারী পরওয়ানা জারী করায় শমসের আলীকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তার পিতার নাম মৃত আওলাদ হোসেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বছর দুয়েক আগে শমসের আলী গ্রামের রবিউল ইসলামের মেয়ে শাহানাজের বিরুদ্ধে একটি ভূয়া স্ট্যাম্প দিয়ে ১০ লাখ টাকার মামলা করেন মেহেরপুর আদালতে। বিজ্ঞ আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে স্ট্যাম্পটি ভূয়া ও ১০ লাখ টাকার বিষয়টি মিথ্যা বলে প্রতিয়মান হয়।
সিআইড আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত শমসের আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গ্রেপ্তারী পরওয়ানা জারী করেন। শমসের আলী আত্মগোপন করেছিলেন। রবিবার দুপুরে আদালতে যাবার পথে গাংনী থানার এএসআই গোলাম রসুল ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।







