বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে-সমাবেশে অভিভাবকরা
অন্যান্য মেহেরপুর

বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে-সমাবেশে অভিভাবকরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক হবে সম্মানজনক, স্নেহ প্রবন এবং বন্ধুত্ব সুলভ। যদি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালোভাবে মনোযোগী হতে পারবে। অভিভাবকরা আরো বলেন স্কুল  ড্রেস পরে শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করে এবং তাদের সাথে দেখি একটি বাহিনী ছেলেরাও সঙ্গ দিচ্ছে।

অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা যাতে করে কোনভাবেই প্রতিষ্ঠানের বাইরে যেতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে। বিদ্যালয়ের টয়লেট, বিদ্যালয়ের আঙ্গিনা এবং ক্লাসরুম অপরিষ্কার এবং শিক্ষকদের কোচিং বাণিজ্য সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অভিভাবকেরা এবং দাবি জানান বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করে বিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।