সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। পুরোপুরি শীতের শুরু না হলেও পাওয়া যাচ্ছে শীতের আমেজ। শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহেরপুরের লেপ-তোষক কারিগররা। সরেজমিন ঘুরে দেখা যায়, শীত মৌসুমের কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষক দোকান গুলোতে।
মেহেরপুর শহরের বেশ কয়েকটি লেপ-তোষক এর দোকান ঘুরে জানা যায়,বর্তমান বাজারে লেপ ও তোষক জোড়া হিসেবে তৈরিতে খরচ নেওয়া হচ্ছে ৪ হাজার ৫ শ টাকা। একেকজন কারিগর দিনে প্রায় ৪শ থেকে ৫শ টাকা উপার্জন করতে পারছেন লেপ-তোষক তৈরি করে।
মেহেরপুর শহরের কোট পাড়া এলাকার লেপ-তোষকের দোকানের মালিক আশরাফুল হক জহির জানান,ক্রেতারা শীতের কথা মনে রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে আমরা কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন।
আরো জানান,একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারেন।একই ভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও একই সময় ব্যয় হয়।
তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। তাছাড়া বর্তমানে কেনা-বেচা ভালোই হচ্ছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা আরও জমবে বলে আশা করছি।
বামন পাড়ার এলাকার লেপ-তোষক কারিগর জামিরুল ইসলাম জানান,বছরের প্রায় আট মাস তাদের অনেকটা অলস সময় কাটাতে হয়। আমাদের অনেকেই ভিন্ন পেশায় নিয়োজিত হয়। শীতের আগমন বার্তায় প্রতিদিনই লেপ-তোষক তৈরির অর্ডার বেড়েই চলছে। তাই অর্ডারকৃত লেপ-তোষক তৈরিতে এখন আমাদের ব্যস্ত সময় কাটছে।






