মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান

সবার সংবাদ ডেস্ক:

বেশি দরে ডাব বিক্রি বন্ধে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান দল। মঙ্গলবার দুপুরে এ অভিযানে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডাবের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের পশুহাট, কোর্টরোড, বড় বাজার ও জেনারেল হাসপাতালের সামনের ডাবের দোকানীদের ক্রয় মেমো ও বিক্রি দর পর্যবেক্ষণ করা হয়।

শহরের বড় বাজার এলাকায় বেশি দরে ডাব বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে।

ক্রয়-বিক্রয় দরের সামঞ্জস্য বজায় রাখা এবং মূল্য তালিকা টাঙ্গিয়ে ডাব বিক্রির জন্য ডাব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সজল আহম্মেদ। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শণ না করায় আরও তিন মুদি দোকানীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে।