মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু
মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় মুজারুল মন্ডল (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে শহরের সদর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুজারুল মন্ডল সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক মুজারুল মন্ডল সকালের দিকে বাইসাইকেল চালিয়ে পিরোজপুর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। শহরের সদর ভূমি অফিসের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।