সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে সারারাত ককটেল বিস্ফোরণের আতঙ্কের পর সকালে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পুরো গ্রামজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও বাসিন্দাদের থেকে জানা গেছে, উদ্ধার হওয়া লাল টেপ পেঁচানো বস্তুগুলোর ওপর সাদা কাগজে স্পষ্টভাবে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজ নিজ বাড়ির সামনে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বস্তুগুলো গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমিন এবং আইব নবীর রহমানের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
গ্রামবাসী জানান, মঙ্গলবার গভীর রাত থেকেই এলাকাটিতে থেমে থেমে ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। সারারাত আতঙ্কে কাটানোর পর সকালে একসঙ্গে ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ভীতি।
তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে কোনো তাজা বোমা বা বিস্ফোরক দ্রব্য কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।







