সবার সংবাদ ডেস্ক:
দেশের উপজেলা পর্যায় সর্বমোট ১১ হাজার ৮৮০টি পদে দ্রুততম সময়ের মধ্যে ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (০৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।
সংসদে নেওয়াজ হালিমা আরলী জানতে চান তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাং কালচার থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সরকারের ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের সুনির্দিষ্ট কী পরিকল্পনা রয়েছে?
উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার পদের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ভিন্ন ইভেন্টের জন্য ৩ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ফলে সর্বমোট ১১ হাজার ৮৮০টি পদে শিক্ষক নিয়োগ কার্যক্রমের প্রক্রিয়া বর্তমানে দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট নিয়ে শিগগিরই ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এসব ইভেন্টের মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট অন্তর্ভূক্ত রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়া ক্ষেত্রে গঠনমূলক সংস্কারের মাধ্যমে দেশের তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে সার্বিক ক্রীড়া অবকাঠামো উন্নত করতে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।







