এসএম মেহেরাব অপি:
গাড়ি মালিকদের অসচেতনার কারণে মেহেরপুরে মটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। চোখের আড়াল হলে কিংবা অনিরাপদ স্থানে মটরসাইকেল রাখলে চুরি হয়ে যাচ্ছে নিজের পছন্দের ও প্রিয় মটরসাইকেল। এমন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর উপজেলার কাঁঠালপোটা গ্রামে মটরসাইকেল চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীতে আহত ৩জনকে উদ্ধার করে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে, চোর সন্দেহে আহত করা তিনজনের দাবি তারা মৌসুমী ফল ব্যবসায়ী।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে কাঁঠালপোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তিনজন হলেন, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিস (৩৫), একই উপজেলার চরগোয়াল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল (৪২) ও একই জেলার মহেশপুর উপজেলার ঠান্ডু মিয়ার ছেলে অপু (১৯)।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় একটি ডিসকোভারি মটরসাইকেল চুরি করে তিন চোর দ্রæত গতিতে পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করলে তারা কাঁঠালপোতা ব্রিজের নিকট মটরসাইকেল থেকে পড়ে যায়। তখন গ্রামবাসী তাদের ধরে গণপিটুনি শুরু করে।
জানতে চাইলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল ইসলাম আশা জানান- গত দুই মাস ধরে গ্রামে মটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। তাই গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে আছে। গত কয়েকদিন আগেও একটি মটরসাইকেল চুরি হয়। সেই চুরী ঘটনায় জড়িতদের ছবি সহ চিত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভির ফুটেজ অনুযায়ী একজনকে সনাক্ত করা হয়। আজ সনাক্তকারী ওই চোরকে দেখে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং আজ মটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে ঘেরাও করে গণপিটুনী দিয়েছে। তবে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের জিজ্ঞাসা করলে গণপিটুনির শিকার তিনজনের দাবি তারা ফল ব্যবসায়ী। পেয়ারা কিনতে তারা নিজ মটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে গিয়েছিলেন। তারা মটরসাইকেল চুরী ঘটনার সাথে জড়িত না।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, গণপিটুনির শিকার তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকলকেই হাসপতালে ভর্তি করা হয়েছে। শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। মেডিকেল পরীক্ষা করা হয়েছে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তাদের শারিরীক অবস্থা এবং কোন ক্ষতি আছে কিনা বোঝা যাবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেহেরপুরে হঠাৎ করে মটরসাইকেল চুরির সংখ্যা বেড়ে গেছে। মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে মটরসাইকেল চোর সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে জনগণের হাত থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পার্শ্ববর্তী জেলা থেকে এসে মটরসাইকেল চুরির ঘটনা ঘটায়। তদন্ত করে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আহত ৩জন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এলাকার সার্বিক পরিস্থিতি শুনে এবং মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ আহত ৩জনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।







