সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনায় একটি দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রনোদিত মামলা করেছেন আদালত। রবিবার গাংনী আমলী আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ স্ব-প্রনোদিত এ মামলা দায়ের করেন। যার নম্বর মিস কেস নং-০২/২০২৩।
আদালত আদেশে উল্লেখ করেছেন যে-বিস্ফোরক আইন, ১৮৮৪, গ্যাস সিলিন্ডার বিধমালা,১৯৯১ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। গ্যাস সিলিন্ডার বিধিমালা,১৯৯১ এর বিধি ৩৯ অনুযায়ী বিনা লাইসেন্সে কোন ব্যক্তি তার অধিকারে গ্যাস সিলিন্ডার রাখতে পারবে না। উক্ত আইন লঙ্ঘন করলে সর্বনিন্ম ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাক জরিমানার বিধান রয়েছে। এছাড়া আইন ও বিধি দ্বারা নির্ধারিত লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে এসব সিলিন্ডার মজুদ রাখায় যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। এটা ইচ্ছাকৃত অবহেলা যার দ্বারা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ব্যপক ক্ষতি হওয়ার সম্ভবনা আছে যা দন্ডবিধির ধারা ২৭৮, ২৮৫ ও ২৮৬ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। এই ঘটনার বিষয়ে এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে আদালতের গোচরীভূত হয়েছে।
এমতাবস্থায় জনস্বার্থে The Coad of Criminal Procedure, 1898 এর ধারা ১৯০(১)(গ) অনুযায়ী বিষয়টি বিবেচনায় নিয়ে বামুন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জকে উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা দিয়ে আদেশ প্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে বিনা লাইসেন্সে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয়কারীদের ২৬/০২/২৩ তারিখের মধ্যে অবৈধ কার্যক্রম বন্ধ বা এ সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের নোটিশ প্রদানপূর্বক আদালতকে অবগত করতে বলা হয়েছে। প্রসঙ্গত গত ৩১ জানুয়ারি একটি দৈনিকে গাংনীতে যত্র-তত্র গ্যাস সিলিন্ডার, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।







