সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে দুইটি সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশের ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন। এই উপলক্ষে মেহেরপুর কোর্ট এলাকায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি ও শিক্ষা) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক সহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জেলার আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৪ হাজার ৩৯০ টাকা ব্যয়ে জেলা পর্যায়ের মডেল মসজিদ এবং গাংনীতে ১৩ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ের মডেল মসজিদ, লাইব্রেরী ও গবেষণাগার তৈরী করা হয়েছে।







