মেহেরপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই জন আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই জন আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দশটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। রবিবার (৩০ নভেম্বর) বিকেল চারটার সময় বাজিতপুর বিওপি আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৭/৫ এর ৫০ গজ অভ্যন্তর থেকে দুই জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।

আটককৃতরা হলেন, সদর উপজেলা বুড়িপোতা গ্রামের মৃত আউল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের নিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।  

বিজিবি সূত্রে জানা যায়, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছে পৌছুলে মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদের তল্লাশি করলে মিজানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে দশটি স্বর্ণের বারের সন্ধান মেলে। পরবর্তীতে তাদেরকে আটক করে বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করছে বিজিবি।  

আটককৃতদের স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করার কার্যকর্ম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।