মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪
মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির ট্রাকের চাপে ইজিবাইক খাদে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিএটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, সদর উপজেলার রাজনগর গ্রামের ইজিবাইক চালক বাবলু, একই উপজেলার সোনাপুর গ্রামের ইদ্রিস আলী, বলিয়ারপুর গ্রামের গোলাম বিশ্বাস এবং নাম-পরিচয় না জানা এক নারী যাত্রী। প্রাথমিক চিকিৎসা শেষে ওই নারী হাসপাতাল ত্যাগ করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে একটি বেপরোয়া গতির ট্রাক হেলেদুলে আমঝুপির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুরের দিকে আসার পথে বিএটি এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি সেটিকে সজোরে চাপ দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষ বা বড় ধরনের প্রাণহানি এড়াতে চালক তাৎক্ষণিকভাবে ইজিবাইকটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দেন। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকসহ চারজন গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ইদ্রিস আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।