সবার সংবাদ ডেস্ক:
বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা করে ভোটারদের মধ্যে দলীয় প্রভাব সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন করায় মেহেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক পত্রে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে পিতার নির্বাচন করায় কেন লিজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা আগামী ৭ দিনের মধ্যে দেওয়ার জন্য সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান নির্দেশ প্রদান করেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনার নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় এলে সেখানে উপস্থিত না হয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা করে ভোটারদের মধ্যে দলীয় প্রভাব সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। মেহেরপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেত্রী পারভীন জামান কল্পনা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে এই অভিযোগ জানালে কেন্দ্র এই কারণ দর্শানো পত্র জারী করে।







