মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তছলেম উদ্দীন মিস্ত্রি (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত ।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত তছলেম উদ্দিন মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের মৃত বিলাত মিস্ত্রির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ আগষ্ট ৪ বছর বয়সী শিশু কণ্যা বাড়ির পাশে একটি আম বাগানে অন‍্য শিশুদের সাথে খেলা করছিল। প্রতিবেশী তছলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা ও মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯ (১) ধারায় তছলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

অল্প সময়ের মামলার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাদী।